|
ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র ‘চলো সংসদ’ পদযাত্রা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওই দলের মুখ্য নেতা অভিজিৎ দীপককে আটক করে নিয়ে গেছে স্থানীয় পুলিশ। সরকারের সঙ্গে পার্টির প্রতিনিধিদলের আলোচনা চলমান থাকার মধ্যে সোমবার (২০ জুলাই) তাকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সামাজিক মাধ্যম এক্স-এ এ তথ্য জানিয়েছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস। এছাড়া শিক্ষাবিদ ও পরিবেশবিষয়ক আন্দোলনকারী সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর ওপর পুলিশি হেনস্তার অভিযোগও করেছেন তিনি। ভোর থেকেই দিল্লির ‘যন্তর মন্তর’-এ সংসদ অভিযাত্রার জন্য জড়ো হতে শুরু করেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারীরা। ভারতের সংসদে ‘বর্ষা অধিবেশন’ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা সংসদ ভবনের দিকে অগ্রসর হন। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের একাধিক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্য দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনকারীরা সংসদ ভবনের কাছে রেল ভবন পর্যন্ত পৌঁছে গেলে তাদের ছত্রভঙ্গ করতে সশস্ত্র কেন্দ্রীয় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
|