|
ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ আজ মেঘলা। তবে প্রকৃতির এই মেঘের চেয়েও বড় রাজনৈতিক ঝড় উঠেছে দিল্লির রাজপথে। নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারির বিরুদ্ধে এক অভূতপূর্ব আন্দোলনের সাক্ষী হচ্ছে ভারত। এর নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার (২০ জুলাই) পার্লামেন্টের বাদল অধিবেশন শুরুর দিনই তারা ‘সংসদ চলো’ পদযাত্রার ডাক দেয়। এই পদযাত্রা কেন্দ্র করে দিল্লির রাজপথ কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। হাজার হাজার ছাত্র ও তরুণ সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে থাকেন। তাদের লক্ষ্য ছিল পার্লামেন্ট ভবনের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি দেয়নি। পার্লামেন্ট ভবনের কয়েক কিলোমিটার দূরেই পুলিশ ও আধাসামরিক বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়। তৈরি করা হয় বিশাল লোহার ব্যারিকেড। দুপুরের দিকে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ আন্দোলনকারীদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ শুরু করে। একই সঙ্গে ছোড়া হয় টিয়ারগ্যাসের সেল ও জলকামান। আন্দোলনকারীরা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকেন। প্রেস ক্লাব অব ইন্ডিয়া এবং সংসদ মার্গের আশপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। বহু ছাত্র এই সংঘর্ষে আহত হয়েছেন এবং অনেককে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেন্ট্রাল দিল্লির কিছু অংশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি রাজীব চক ও সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মতো পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
|