|
বিগত সময়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রবিবার (১৯ জুলাই) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সির অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট সকল আইন ও বিধি বিধান পালনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বর্ণিত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দ্য প্যানেল কোড ১৮৬০ এর ৪০৬/৪২০/৩৮৫/৩৮৬/৪২৭/৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দায়ের ও গৃহীত হয়েছে। এ অবস্থায়, ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ এর ধারা ১৩ অনুযায়ী উল্লিখিত রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স প্রত্যাহার ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার প্রজ্ঞাপনে সই করেছেন। সোমবার (২০ জুলাই) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
|