|
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে এবং অভিযুক্তের যথাযথ শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা-সংলগ্ন রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে এই অবরোধ শুরু করেন তারা। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফুরকান উদ্দিন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তাঁর ভাষ্যমতে, বিনা টিকিটের যাত্রীকে ঘুষের বিনিময়ে সুবিধা দিচ্ছিলেন ট্রেনের দায়িত্বরত টিটিই। তিনি এ বিষয়ে জানতে চাইলে এবং সরকারি সম্পদ আত্মসাৎ ও অনিয়মের প্রতিবাদ করলে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন ফুরকান। এ সময় তাঁর চশমা ভেঙে যায়। পরে তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। ফুরকান উদ্দিন বলেন, টিকিট ইস্যু না করে টিটিই যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। রেলের টাকা রাষ্ট্রের সম্পদ। কিন্তু টিকিট ইস্যু না করে অল্প টাকায় সুবিধা দিয়ে সেই অর্থ আত্মসাৎ করা হচ্ছিল। একজন আইন বিভাগের শিক্ষার্থী ও সচেতন নাগরিক হিসেবে আমি এর প্রতিবাদ করি। এ সময় পেছন থেকে অতর্কিতভাবে আমার ওপর হামলা করা হয়। আমার চশমা ভেঙে গেছে এবং আমি বেশ আহত হয়েছি। এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় উদ্বেগ জানিয়েছে রাকসু। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অবরোধস্থলে অবস্থান করছেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
|