|
বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে নৈশভোজ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজনে শুধু শুভেচ্ছা বিনিময়ই হয়নি; উঠে এসেছে শরিকদের প্রত্যাশা, হতাশা ও মূল্যায়নের দাবি এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয়ের প্রশ্নও। সোমবার (২০ জুলাই) সন্ধ্যার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শরিক দলের নেতাদের জানান, রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে এতদিন তাদের সঙ্গে বসা হয়নি। সেই সঙ্গে আশ্বাস দেন, এখন থেকে নিয়মিত বৈঠক হবে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী শরিক নেতাদের টেবিলে টেবিলে গিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পরে সবাইকে নিয়ে নৈশভোজে অংশ নেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আজকে আমাদের ফেয়ারওয়েল ডিনার কি না?’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই না, এটা ওয়েলকাম ডিনার। রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ততার কারণে বসা হয়নি। এখন থেকে নিয়মিত বসা হবে।
|